ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে বিষপান করা ইয়াহিয়া খান (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এদিকে প্রেমিকের বিষপানের খবর পেয়ে তাঁর প্রেমিকাও বিষপান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ইয়াহিয়া খান পীরগঞ্জ উপজেলার কোষারাণীগাঁও এলাকার আব্দুল কালাম আজাদের ছেলে। তিনি দিনাজপুরের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে ইয়াহিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর জানতে পারেন ইয়াহিয়া। এরপর গত ১৩ সেপ্টেম্বর নিজ বাড়িতে বিষপান করেন তিনি।
অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ায় ২৮ সেপ্টেম্বর তাঁকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। এরপর ১ অক্টোবর আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর বিকেলে তাঁর মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আব্দুল হাকিম আরও জানান, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াহিয়ার বিষপানের খবর পেয়ে তাঁর প্রেমিকাও বিষপান করেছিলেন। পরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, ইয়াহিয়ার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।