ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার থেকে একটি ট্রাক চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় ট্রাকটি চুরি হয়েছে বলে ধারণা করছেন মালিক মো. ডাবলু শেখ। এ ঘটনায় তিনি বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চুরি হওয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১১-২২৮৪। এটি টাটা ১৬১৫ মডেলের ট্রাক। মালিক ডাবলু শেখ উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের হারুন শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে চালক আল আমিন ট্রাকটি সহস্রাইল বাজারে পার্কিং করে বাড়িতে চলে যান। ওই সময় ট্রাকের মালিকও তার সঙ্গে ছিলেন। স্থানীয় একটি চায়ের দোকানের এক ব্যক্তি রাত ২টা পর্যন্ত ট্রাকটি সেখানে দেখেছেন বলে জানা গেছে। এরপর থেকে ট্রাকটির আর খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে নির্ধারিত স্থানে ট্রাকটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মালিক। কোনো সন্ধান না পেয়ে দুপুর ১২টার দিকে তিনি থানায় লিখিত অভিযোগ দেন। ট্রাকের মালিকের দাবি, চুরির পর ট্রাকটি ব্যাসপুরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ট্রাকটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
বোয়ালমারী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নাসির হোসেন জানান, ট্রাকের মালিক থানায় অভিযোগ দিয়েছেন। ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে।