চুয়াডাঙ্গার বড় বাজারে রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর অভিযোগে এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে রাসায়নিক মেশানো ২৩ বস্তা কদবেল জব্দের পর জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সদর উপজেলার বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাজারের ফল ও মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযানকালে মাথাভাঙ্গা ব্রিজসংলগ্ন ফলপট্টিতে টুকু মিয়ার মালিকানাধীন ‘টুকু ফল ভান্ডার’-এ রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায়ের পাশাপাশি দোকান থেকে ২৩ বস্তা কদবেল ধ্বংস করা হয়।
অভিযান থেকে অন্যান্য ফল ব্যবসায়ীকেও ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মাংস ব্যবসায়ীদের সঠিক ওজনে মাংস বিক্রি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস প্রক্রিয়াজাত করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তাকে সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও সদর থানা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।