রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসির পাসের হার কমে ৪৫.০৬ ভাগে নেমেছে। করোনা মহামারিতে ২০২০ সালে অটোপাসের পর এবারই পাসের হার সর্বনিম্ন। শনিবার বেলা ১১টায় বোর্ডের সভাকক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন এই ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার বোর্ডের ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। এদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৮৯৪ জন।
অধীণস্থ বিভাগের ৮টি জেলার ৭৪৩টি কলেজের পরীক্ষার্থীরা এবার ২০৮টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। এবার ছেলেদের পাসের হার ৩৭.৭১ ভাগ এবং মেয়েদের পাসের হার ৫৩.০৩ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েরা এগিয়ে রয়েছে। এবার বোর্ডের জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন এবং মেয়ে ২ হাজার ৫৫৫ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার পরীক্ষায় ৩১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। বিভাগের ৮ জেলা মাত্র ৯টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিভাগের ৩৯টি কলেজের কোনো পরীক্ষার্থী-ই পাস করেনি।
প্রসঙ্গত, রাজশাহী বোর্ডে ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে ৯৭.২৯; ২০২২ সালে ৮১.৬০; ২০২৩ সালে ৭৮.৪৬, ২০২৪ সালে ৮১.২৪ এবং ২০২৫ সালে ৫৯.৪০ ভাগ পরীক্ষার্থী পাস করেছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, পরীক্ষার্থীরা খাতায় যেমন লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। বিষয়টি সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।