কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে তিনজনকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে। এ অভিযোগে বুধবার চকরিয়া আদালত ও উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তাদের স্বজন ও স্থানীয়রা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাতের আঁধারে বদরখালীর বাড়ি ও আশপাশের এলাকা থেকে আক্তার আহমদ, তানভীর ও রুকন উদ্দিনকে ধরে নেওয়ার পর তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হয়েছে। তাদের দাবি, রুকন উদ্দিন বুদ্ধিপ্রতিবন্ধী ভ্যানচালক, আক্তার আহমদ প্রতিবন্ধী এবং তানভীর বদরখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
মানববন্ধনে রুকন উদ্দিনের তিন শিশুকন্যাও অংশ নিয়ে বাবার মুক্তির দাবি জানায়। বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত না হলে তিনজনকে মুক্তি দেওয়ার দাবি জানান।
বদরখালী কৃষি উপনিবেশ সমিতির পরিচালক অধ্যাপক বিএম কায়সার বলেন, নিরপরাধ ব্যক্তিদের অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি ও সমিতির নেতারাও মামলা প্রত্যাহার ও তিনজনের মুক্তির দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি, মহেশখালী কোস্ট গার্ডের একটি ইউনিট অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে এ বিষয়ে কোস্ট গার্ডের বক্তব্য জানা যায়নি।




