কুমিল্লার দেবীদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জুবায়ের হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাজনৈতিক, সামাজিক ও পূজা উদ্‌যাপন সংশ্লিষ্ট নেতৃবৃন্দও বক্তব্য দেন। তাঁদের মধ্যে বিএনপি দেবীদ্বার পৌর কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (ভুলু) পাঠান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. প্রদীপ কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার দেবীদ্বার উপজেলায় মোট ১১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আলোচকরা জানান, নিরাপত্তার জন্য প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে ছয়জন করে আনসার সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে দায়িত্ব পালন করবেন আটজন করে আনসার সদস্য। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি পুলিশের মোবাইল ও টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় পূজা উদ্‌যাপন সংশ্লিষ্টদের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়।