পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
এদিন মামলার বিষয়ে আদালতে কোনো শুনানি হয়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, তা জানা যায়নি। এর আগে মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন আল আমিনের বাবা মনু মিয়া।
পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে হাজির করার পর সাবেক এমপি মুক্তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পঞ্চগড়ের