খুলনার বটিয়াঘাটায় ছাত্রদলের সাবেক এক নেতাকে গুলি করার ১৬ ঘণ্টার মধ্যেই অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে যুবদলের আরেক সাবেক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাদলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বাদলের ওপর কারা হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।