সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন ফুটেছে বিন্না ঘাসের ফুল। এ ফুল সংগ্রহ করে ঝাড়ু বানিয়ে বিক্রি করে সংসারে বাড়তি আয় করছেন স্থানীয় আদিবাসী নারীরা।
শরৎ ও হেমন্তে কৃষিকাজের সুযোগ কম থাকায় এ অঞ্চলের দরিদ্র আদিবাসী পরিবারগুলো অর্থকষ্টে পড়ে। এ সময় অনেক নারী আগাম শ্রম বিক্রির পাশাপাশি বিন্না ঘাসের ফুল সংগ্রহ করে ঝাড়ু তৈরি করেন। পরে স্থানীয় হাট-বাজারে প্রতিটি ঝাড়ু ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি করেন তারা।
তাড়াশের আদিবাসী নারী মিনতি রানী ওঁরাও বলেন, আশ্বিন-কর্তিক মাসে তেমন কাজ থাকে না। তাই সংসার চালাতে আগাম শ্রম বিক্রি করতে হয়। পাশাপাশি বিন্না ঘাসের ফুল দিয়ে ঝাড়ু তৈরি করে বিক্রি করলে বাড়তি কিছু আয় হয়।
সিরাজগঞ্জ জেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি নির্মল মাহাতো বলেন, জেলার অধিকাংশ আদিবাসী পরিবার দরিদ্র। বছরের এ সময়ে কাজের সুযোগ কম থাকায় তাদের কঠিন সময় পার করতে হয়। তাই নারীরা বিন্না ঘাসের ফুল দিয়ে ঝাড়ু তৈরি করে জীবিকা টিকিয়ে রাখার চেষ্টা করছেন।