নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর সাড়ে ১০ ঘণ্টা পর মারা গেছেন পুত্রবধূ রাহিনা আক্তার (৩২)। পরিবারের সদস্যদের ভাষ্য, শ্বশুরের মৃত্যুতে শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্ট্রোকে তার মৃত্যু হয়। একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে মারা যান শ্বশুর মো. মফিজুর রহমান (৭০)। পরদিন রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মারা যান রাহিনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় কৃষক মফিজুর রহমানের মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী ছিলেন রাহিনা। পরিবারের সদস্যদের সঙ্গে তার ছিল গভীর আন্তরিক সম্পর্ক। বিশেষ করে শ্বশুর-শাশুড়িকে নিজের মা-বাবার মতো ভালোবাসতেন তিনি। অন্যদিকে, মফিজুর রহমানও পুত্রবধূকে আপন সন্তানের মতো স্নেহ করতেন।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, মফিজুর রহমান ছিলেন স্নেহশীল ও ভালো মানুষ। পরিবারের সবাইকে তিনি আগলে রাখতেন। রাহিনাকেও তিনি ও তার স্ত্রী নিজেদের সন্তানের মতো ভালোবাসতেন। শ্বশুরের মৃত্যুর খবর ও শোক সহ্য করতে না পেরে রাহিনা অসুস্থ হয়ে পড়েন। পরে স্ট্রোকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
কামাল উদ্দিন আরও জানান, রোববার সকাল ১১টার দিকে স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যার পর জানাজা শেষে রাহিনাকে দাফন করা হয়।
পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। শ্বশুর-পুত্রবধূর গভীর সম্পর্ক এবং অল্প সময়ের ব্যবধানে তাদের মৃত্যুতে শোকাহত স্থানীয় বাসিন্দারা।