প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। তিনি বলেছেন, শুধু সনদ অর্জন নয়, বাস্তব কাজের দক্ষতা অর্জনই প্রশিক্ষণের মূল লক্ষ্য হওয়া উচিত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
এর আগে টিটিসির সম্মেলনকক্ষে তিন মাস মেয়াদি ডুয়াল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি। জেলা প্রশাসক বলেন, বিভিন্ন দেশে প্রশিক্ষিত যুবকদের ব্যাপক চাহিদা রয়েছে। টিটিসি থেকে যথাযথ দক্ষতা অর্জন করতে পারলে প্রশিক্ষণার্থীরা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে পারবেন।
এ সময় টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা, মেকানিক্যাল ট্রেডের ইনস্ট্রাক্টর শরিফুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম এবং নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।