রংপুরে ৯টি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিঠাপুকুরের কয়ারমারী এলাকার মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জের শাহাপাড়া-হাজীপুর এলাকার হুমায়ুন কবীর ওরফে রাব্বী (১৯), বদরগঞ্জের কুতুবপুর বালুয়াপাড়ার ওবায়দুল হক (৩৪) এবং একই উপজেলার জামুবাড়ী-যাদুনগর এলাকার রমজান আলী (১৯)।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রংপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে পার্ক করে রাখা পুলিশের এসআই রিয়াজুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হলে আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।
পরে সোর্সের মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুরের বিভিন্ন স্থান থেকে তিনটি এবং বদরগঞ্জের সিও রোড সেতুসংলগ্ন মেসার্স মুগ্ধ রিকন্ডিশন বাইক সেন্টার থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চোর চক্রের সদস্য রাহাত মিয়া (২০) পলাতক রয়েছেন। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে তাদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।




