নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের নতুন চালান দেশে পৌঁছেছে।
রাশিয়া থেকে রওনা হয়ে ভারত হয়ে ইউরেনিয়ামবাহী বিমানটি শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন। পরে সেনাবাহিনীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থায় ইউরেনিয়াম রূপপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ভোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে ইউরেনিয়াম রূপপুরের উদ্দেশে পাঠানোর কথা রয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ইউরেনিয়াম রূপপুরে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। সেনাবাহিনীর নিরাপত্তায় চালানটি প্রকল্প এলাকায় পৌঁছানো হবে।
এর আগে ২০২৩ সালে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আসে এবং চলতি বছরের মে মাসে তা পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। কমিশনিং প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ইউনিটের সেফটি ভালভের ১৬ মেগাপাসকেল উচ্চচাপ পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরবর্তী ধাপের পরীক্ষা শেষে ফিশন রিঅ্যাকশন শুরু হবে।