লালমনিরহাট সদর উপজেলায় ভোরের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফজলু মিয়া (৫০) নামে এক গরু ব্যবসায়ী। ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার আর কে রোডে ফকিরের তকেয়া বাজার ও বড়বাড়ীর মধ্যবর্তী বসুনিয়া বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফজলু মিয়া পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া মৌজার খোঁড়াগাছ এলাকার বাসিন্দা। তিনি মনজুর আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নছিমনের যাত্রী ফজলু মিয়া গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক খাদিমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় জড়িত চারটি যানবাহন ও মরদেহ থানায় নেওয়া হচ্ছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।