ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছর বয়সী এক শিশুকে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দিনাজপুরের বীরগঞ্জ থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, শিশুটি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর তাকে বাড়ির পেছনের নির্জন স্থানে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে মা সেখানে গেলে কিশোরটি পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর হৃদয় বর্মন (১৩) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি রথবাজার এলাকার বাসিন্দা। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় ভূল্লী থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বীরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।