ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরে ঐতিহ্যবাহী বলাকা ক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বলাকা ক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বলাকা ক্লাবের উদ্যোগে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় পজিটিভ পিরোজপুরের সভাপতি ও বলাকা ক্লাবের সদস্য সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।