গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাসে আগুন লেগে বসতঘরসহ সবকিছু হারিয়েছেন কুমিল্লার দেবীদ্বারের কৃষক মো. হোসেন মিয়া। আগুনে দুটি ছাগল ও প্রায় ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে দেবীদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজুলীপাঞ্জার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতের রান্না শেষে চুলার আগুন নেভানো হলেও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করা হয়নি। ফলে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতরে জমে যায়। পরে দেশলাই জ্বালিয়ে চুলা ধরানোর চেষ্টা করলে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। গোয়ালঘর ও হাঁস-মুরগির খোঁয়াড়ে থাকা গর্ভবতী একটি ছাগলসহ দুটি ছাগল এবং প্রায় ২০টি হাঁস-মুরগিও রক্ষা করা যায়নি। আগুনে কৃষক হোসেন মিয়ার বসতঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। মাথা গোঁজার ঠাঁই ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে তারা এখন দিশেহারা।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা জানান, তিনি অগ্নিকাণ্ডের বিষয়টি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।