ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় মো. সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান উপজেলার বৈলর ইউনিয়নের চরপাড়া (হদ্দেরভিটা) গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সিদ্দিকুর রহমান মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ‘রফ রফ পরিবহন’-এর একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে প্রায় ২০ হাত দূরে গিয়ে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর নিজ বাড়িতে সিদ্দিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।