শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে পর্যটক ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের সর্ববৃহৎ দেবী দুর্গার প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির এ সময়ে পর্যটক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে হবে।
পরিদর্শনকালে মন্ত্রী কক্সবাজার সদরের কালীবাড়ি, সরস্বতীবাড়ি, গোলদীঘির পাড়া, হরিজনপাড়া, বঙ্গপাহাড়, লাবনী পয়েন্ট মোড় এবং খুরুশকুলের রাস মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজারী ও কক্সবাজারবাসীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।
মন্ত্রী স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করার আহ্বান জানান।
পরিদর্শনকালে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, জেলা প্রশাসক আবদুল মান্নান ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।