সুনামগঞ্জ সমিতি, সিলেটের আয়োজনে “সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায়” শীর্ষক শিক্ষা সেমিনার শনিবার নগরীর জিন্দাবাজারের আলহামরা শপিং সিটিতে অবস্থিত বাফেট প্যারাডাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি এডভোকেট মোজাককির হোসেন কামালীর সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট রাজনীতিক নাসিম হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মোঃ দিদার চৌধুরী। সেমিনার সঞ্চালনা করেন অধ্যাপক মোঃ দিলওয়ার হোসেন বাবর ও মোঃ মুস্তাফিজুর রহমান। 
এছাড়া সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপকমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান।সুনামগঞ্জ সমিতির শিক্ষা সেমিনার বিষয়ক উপকমিটির পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনার উপকমিটির সদস্য সচিব কাসমির রেজা। তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার পাঁচটি বিদ্যালয়ে পরিচালিত ফোকাস গ্রুপ আলোচনা ও মূল তথ্যদাতার সাক্ষাৎকারের পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ড ও সরকারি তথ্যের ভিত্তিতে প্রবন্ধটি তৈরি করা হয়।
প্রবন্ধে বলা হয়, ২০২৬ সালের এসএসসিতে সিলেট বোর্ডের চার জেলার মধ্যে সুনামগঞ্জে পাসের হার সর্বনিম্ন (৫৪.৬৭%)। একই বছরের এইচএসসিতে জেলার পাসের হার ৪৫.৯৮%, যা সিলেট বোর্ড (৫০.৯০%) ও সারাদেশের (৫২.১২%) গড়ের নিচে। সুনামগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪৬ জন। জেলার পরীক্ষার্থীদের মাত্র ৩৮.১ শতাংশ ছাত্র; জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ১১ জন ও ছাত্রী ৩৫ জন।
শিক্ষার মান কমার কারণ হিসেবে প্রবন্ধে শিশুশ্রম, বাল্যবিবাহ, পারিবারিক দারিদ্র্য, অভিভাবকদের অসচেতনতা, শিক্ষা কর্মকর্তাদের তদারকির ঘাটতি, শিক্ষার্থীদের মাদকাসক্তি, প্রাকৃতিক দুর্যোগ এবং শিক্ষকের স্বল্পতা ও প্রশিক্ষণের অভাবকে চিহ্নিত করা হয়।
প্রধান সুপারিশগুলোর মধ্যে রয়েছে: প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ; দুর্গম এলাকায় শিক্ষকদের অবস্থান নিশ্চিত করতে ‘হাওর ভাতা’ চালু; শিক্ষা অফিসের নিয়মিত তদারকি বৃদ্ধি; শিক্ষকদের প্রশিক্ষণ; অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি; বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান; এবং ম্যানেজিং কমিটিতে সৎ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তি।
আলোচনায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জেলার শিক্ষার বর্তমান চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষক সংকট নিরসন ও হাওরাঞ্চলের বিদ্যালয়ের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। 
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, শিক্ষা সমাজের ভবিষ্যৎ গড়ার ভিত্তি। তিনি অভিভাবক সচেতনতা, বিদ্যালয়ের তদারকি ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্থানীয় প্রশাসন, শিক্ষক ও সমাজের যৌথ উদ্যোগের গুরুত্ব তুলেন। 
সংকট উত্তরণে বক্তারা শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হাওরাঞ্চলে বিশেষ বৃত্তি চালু, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে এডভোকেট মোজাককির হোসেন কামালী সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীজনকে ধন্যবাদ জানান এবং সেমিনারের সুপারিশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান।