বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সংসদ। শুক্রবার কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাঁর প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় ফুজায়েল বলেন, দলের অভ্যন্তরীণ কিছু ভুল-বোঝাবুঝির কারণে প্রায় তিন বছর আগে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেই ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সংসদ বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি আনন্দিত ও আবেগাপ্লুত। এ সিদ্ধান্ত তাঁকে নতুন করে সাংগঠনিক কার্যক্রমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে নির্যাতন, মামলা ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে দলের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা থেকে বিচ্যুত হননি। ভবিষ্যতে ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ফুজায়েলকে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় সংসদ।




