সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি বসতবাড়ির শয়নকক্ষে প্লাস্টিকের ড্রাম থেকে ২০ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক রফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী রোশনারা বেগমের (৪০) বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম ও তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।