পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালানোর পর কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই ব্যক্তিকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্তরা হলেন মোসা. স্বপ্না ও মাহফুজুর রহমান। মঙ্গলবার বিকেলে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাফিক বাড্ডা জোনের তথ্য অনুযায়ী, উল্টো দিক দিয়ে মোটরসাইকেল আসতে দেখে দায়িত্ব পালনরত সার্জেন্ট সেটিকে থামার সংকেত দেন। মোটরসাইকেল থামানোর পর চালক ও আরোহীদের কাছে আইন অমান্য করার কারণ জানতে চান তিনি।

এ সময় দুই আরোহীর সঙ্গে ট্রাফিক সার্জেন্টের কথা-কাটাকাটি শুরু হয়। পরে ঘটনাটি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক নারী আরোহীকে সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়।

পরিস্থিতির পর তাদের আটক করা হয়। সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে প্রকাশ্যে অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।পরে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন ভঙ্গ এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।