বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম উত্তর বিজয়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বরিশালগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন। তাদের মধ্যে খাদিজা বেগম ঘটনাস্থলেই মারা যান। গৌরনদী হাইওয়ে থানার এসআই রোমান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




