চট্টগ্রামের চন্দনাইশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) সেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতাল চত্বর থেকে সচেতনতামূলক র্যালিটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। মানসিক রোগ কোনো কুসংস্কার বা লজ্জার বিষয় নয়। সময়মতো বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা নিলে অনেক মানসিক সমস্যার কার্যকর চিকিৎসা সম্ভব।
দুপুর সাড়ে ১২টায় মেডিকেল এডুকেশন ইউনিটের উদ্যোগে ও সাইকিয়াট্রি বিভাগের আয়োজনে লেকচার হল-১-এ ‘Stress Unplugged: Decoding the Mind-Body Connection’ শীর্ষক সিএমই সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. অরূপ দত্ত। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহা. শেখ শহিদ উল্লাহ।
সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সুরজিৎ রায় চৌধুরী। আলোচনায় অংশ নেন চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. অলভিন সাহা, ফিজিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মানিক চন্দ্র নাথ এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. উজ্জ্বল কান্তি দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. পুলক বিশ্বাস। আলোচনায় মানসিক চাপের সঙ্গে শরীর ও মনের সম্পর্ক এবং স্ট্রেস ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।




