খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ৩০ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে জ্বরে আক্রান্ত হন মাহফুজা খাতুন। পরদিন খুলনায় ফিরে চিকিৎসা নেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করানো হয়।
এদিকে খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৮ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন জানান, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ১৩ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ হাজার ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৬৭ জন চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য ৩২৮ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে খুলনা জেলায় ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ জেলায় এ পর্যন্ত ৫ হাজার ২১৭ জন শনাক্ত হয়েছেন।