সরকারের পাঁচ বছরের কাজের মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের স্লোগান ছিল ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
নূরুল ইসলাম মনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। দেশের দায়িত্ব পালনে সরকারকে সময় দিতে হবে। পরবর্তী নির্বাচনে সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ তাদের সিদ্ধান্ত জানাবে।
দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার দায়িত্ব শুরু করেছে। দেশ পুনর্গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে বিরোধী পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করছে। লংমার্চ করে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ সংকট সমাধানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন চিফ হুইপ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। পরিকল্পিতভাবে এই সুযোগ কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথা স্মরণ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু তালেবের সভাপতিত্বে এবং গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। এতে বরিশাল মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।