শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর জেলার নয়টি উপজেলায় মোট ৬২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৫৭৮টি। সে হিসাবে এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৫০টি।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে সভায় পূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পূজা চলাকালে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার, বিজিবি, আনসার, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন পরিষদ ও পূজা উদ্যাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।




