নড়াইল শহরে একই রাতে তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সময় প্রেসক্লাবে সভা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
নড়াইল শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে নড়াইল প্রেসক্লাব, সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রবেশপথ এবং একটি পুলিশ ফাঁড়ির সামনে এসব বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভা চলছিল। হঠাৎ বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে নিরাপদ স্থানে সরে যান। পরে প্রেসক্লাবের দক্ষিণ পাশের দেয়ালের কাছে ধোঁয়া উড়তে দেখা যায়।
একই সময়ে শহরের রূপগঞ্জ বাজার এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলগুলো পরিদর্শন করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ারও উপস্থিত ছিলেন।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে ওসি মো. রাসেল সরোয়ার জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




