ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোলাম রব্বানী নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা কমিটির সদস্য। 
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের জগথা এলাকার জয় বাংলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ আগস্ট কর্মসূচি আয়োজন এবং নাশকতার চেষ্টা-সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, রোববার তাকে আদালতে হাজির করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।