সিরাজগঞ্জের রায়গঞ্জে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। শনিবার সকালে ঘুড়কা বাসস্ট্যান্ড থেকে ঘুড়কা হাটপাড়া পর্যন্ত ১ কিলোমিটার ৬২০ মিটার সড়কের পুনর্বাসনকাজ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা কার্যালয় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের (ক্যাফড্রিপ) আওতায় কাজটি বাস্তবায়ন করছে। উদ্বোধনী ফলকে প্রকল্পের চুক্তিমূল্য ১ কোটি ৬০ লাখ ২২ হাজার ১৯৬ টাকা উল্লেখ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির পুনর্বাসনকাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াত আরও নির্বিঘ্ন হবে। কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসার পাশাপাশি বর্ষায় চলাচলের দুর্ভোগও কমবে। একই সঙ্গে আশপাশের গ্রামগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত হবে বলে তাঁরা আশা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফজলুল রহমান তালুকদার ও মো. সোহাগ রানাসহ স্থানীয় বিএনপির সাবেক নেতারা উপস্থিত ছিলেন।




