জামালপুরের ইসলামপুরে বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা আয়োজনের বিরোধিতা এবং রেলস্টেশন সংলগ্ন নতুন মারকাজ মসজিদ পুনরুদ্ধারের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়াম চত্বরে ওলামায়ে কেরাম ও শুরাই নেজাম তাবলিগ জামাতের জামালপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ইত্তেফাকুল ওলামা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম।
এতে বক্তব্য দেন জামালপুর জেলা মার্কাজ মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ইত্তেফাকুল ওলামা পরিষদ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক সিরাজী এবং তাবলিগ জামাতের জুবায়েরপন্থি ইসলামপুর উপজেলা আমির ক্বারী মো. আবুল হোসেন সোহাগসহ বিভিন্ন উপজেলার ওলামা-মাশায়েখ ও তাবলিগের সাথীরা।
সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার আগে জেলা পর্যায়ে পৃথক ইজতেমা আয়োজন তারা সমর্থন করেন না। ইসলামপুরে সাদপন্থিদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, তাদের আপত্তি উপেক্ষা করে ইজতেমা আয়োজনের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষকে নিয়ে কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে ইসলামপুরের নতুন মার্কাজ মসজিদকে সাদপন্থিদের প্রভাবমুক্ত করার লক্ষ্যে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর ইসলামপুর নতুন মার্কাজ মসজিদে সাদপন্থিদের উদ্যোগে জেলা ইজতেমা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে।