রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ আবু সাঈদের নামে হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে নগরীর আদিশহর মাহিগঞ্জে পরিত্যক্ত সাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সংস্কার করে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ নামে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা হয়।
হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ডা. ইসমত নিগার স্বপ্নাসহ অন্যরা।
হাসপাতালটিতে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেবেন। পাশাপাশি প্রতিদিন চলবে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে সিজারিয়ান অপারেশন চালু এবং হাসপাতালটি ২০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা এ হাসপাতাল থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা দেবেন। প্রতিদিন টিকাদান কার্যক্রমও চলবে।
তিনি আরও বলেন, দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা চলছে। এসব সেবা চালু হলে মাহিগঞ্জ ও আশপাশের এলাকার মানুষকে চিকিৎসার জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে হাসপাতালটির প্রথম ধাপের কার্যক্রম শুরু করা হয়েছে।




