যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের পাশে প্রাইম ব্রিকসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের সন্দেহ হলে একটি মোটরসাইকেল থামিয়ে চালককে আটক করা হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ও শার্শা থানার ওসি শামিনুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় চালককে আটক করে থানায় নেওয়া হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণ পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, আটক আলাউদ্দিন শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের হাড়িখালী যদুনাথপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে। এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।