রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রাসেল (২৩) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নাটোরের বাসিন্দা।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। বর্তমানে রামেক হাসপাতালে ১৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।