নিজের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় এ অনুরোধ জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত প্রোফাইল ছবির জায়গায় প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি অথবা তার উপস্থিতিতে ধারণ করা ছবি ব্যবহার না করাই প্রত্যাশিত।
এ নির্দেশনার পেছনে কাউকে অবিশ্বাস করা কিংবা কারও প্রতি অসম্মান প্রদর্শনের কোনো উদ্দেশ্য নেই বলে বার্তায় স্পষ্ট করা হয়েছে। বরং সাংগঠনিক নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রাতিষ্ঠানিক সম্মান অক্ষুণ্ন রাখতেই বিষয়টি সামনে আনা হয়েছে।
এ বিষয়ে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অনুরোধটি ইতিবাচকভাবে গ্রহণ করার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।



