ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, সরকারি কাজে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা দেওয়ার ঘটনা ঘটছে। সরকারের কাজে যারা বাধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে সকালে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি আরডিএ প্রান্তিক আবাসিক এলাকার উদ্বোধন করেন। এ সময় সেখানকার একটি পুকুরে মাছের পোনাও অবমুক্ত করেন।
পরে নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভার উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করা হয়।অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরডিএ চেয়ারম্যান বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডের সড়কে নম্বরসংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। শিগগিরই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।




