ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা পরিবহনের একটি বাস পানিভর্তি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। শনিবার রাত ৩টা ১৮ মিনিটে মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসার পথে বাসটি একটি কাভার্ড ভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পার হয়ে পাশের খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্য পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানায়, নিহতদের একজন রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তার বাড়ি চুয়াডাঙ্গায়। তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হৃদয়, শাহিন আক্তার, নূর ইসলাম, ইমরান, গিলবাড সরকার, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, অনিফিন, সন্দীপন বসু, ইকরাম, রায়হান, হাসিব, তিশা ও বোরহান উদ্দিন। তাদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে।
আহতদের কয়েকজন চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা ও কাপাসডাঙ্গার বাসিন্দা। অন্যদের মধ্যে মেহেরপুরের মুজিবনগর, ঝিনাইদহের মহেশপুর, ঢাকার আফতাবনগর এবং মাগুরা সদরের বাসিন্দাও রয়েছেন।