গোপন বৈঠকের প্রস্তুতির খবর পেয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা। বৃহস্পতিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মজনু সরকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার।
আটক মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নাসির সরকারের ছেলে এবং শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়কে সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা শুরুর পরিকল্পনা ছিল। এ উদ্দেশ্যে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে দুটি পৃথক বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বৈঠক দুটিতে অন্তত ৫০ জনের উপস্থিত থাকার কথা ছিল বলে পুলিশের কাছে তথ্য আসে।
এমন তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ও সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একাধিক দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশপাশের ধানক্ষেতে আশ্রয় নেন। পরে সেখান থেকে অন্যরা সরে যেতে সক্ষম হলেও মজনু সরকার পুলিশের হাতে ধরা পড়েন।
ডিবি পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্টের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গোবিন্দগঞ্জ নয়, গাইবান্ধা সদর থানায় করা হয়েছিল। পরে তাকে আদালতে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে মজনু সরকারকে আটক করা হয়েছে। সদর থানার ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলাও রয়েছে।