যশোরের অভয়নগরে সাত বছরের এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে লুৎফর রহমান বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিকেলে ফাঁকা বাড়িতে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী লুৎফর রহমান তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে রক্ষা পায়। পরে বিষয়টি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানার পুলিশ লুৎফর রহমানকে তার বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
আটক লুৎফর রহমান কাদিরপাড়া গ্রামের মৃত মতোয়ালী বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী শিশুটির বাড়ি মনিরামপুর উপজেলার কুদলাপাড়া গ্রামে। বর্তমানে তারা কাদিরপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করছে।
অভিযোগ অস্বীকার করে লুৎফর রহমান দাবি করেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় ফাঁসানো হয়েছে।
অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে লুৎফর রহমান ওরফে ‘ডাকাত লুৎফরকে’ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।




