সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড় এলাকায় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি এবারের এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া শহরের দক্ষিণ কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজন যুবকের সঙ্গে দোকানদারের বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। জাকারিয়া তা থামাতে এগিয়ে গেলে মারামারিতে জড়িত এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তার বুক ও পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান। তিনি জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।