চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনি এলাকায় যৌথ অভিযান চালিয়ে আড়াই হাজার ইয়াবা, নগদ ৭০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রহিমের সহযোগী হিসেবে পরিচিত ফারহান রানার বাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর পরদিন রহিমকে ইয়াবাসহ আটকের ঘটনায় একটি মাদক চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্টগার্ড ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ যৌথভাবে বড় স্টেশন রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুর রহিমকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবুল কালামের ছেলে। অভিযানে রহিমের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, ৭০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।
সংস্থাটির জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম, ফারহান রানা ও জয় নামে তিনজনের মাদক কারবারে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রহিম আটক হলেও ফারহান ও জয় পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রহিমের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ২০২১ ও ২০২৩ সালের মাদক আইনে মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, ফারহান রানার বাড়ি থেকে ইয়াবা উদ্ধার এবং রহিমকে ইয়াবাসহ আটকের ঘটনায় রহিম, ফারহান ও জয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।