গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ৭ দফা কোনো ব্যক্তি বা দলের দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় উপেক্ষা করায় দেশে সংকট তৈরি হয়েছে।
শনিবার রাত ৭টার দিকে যশোর শহরতলির মুড়লি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সময় থাকতে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধা জনগণের অর্থ থেকেই দেওয়া হচ্ছে। অথচ ৫১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করা হচ্ছে। জনগণের রায় নিয়ে এমন আচরণ জাতির সঙ্গে তামাশার শামিল। গণভোটের রায় আদায় করেই ছাড়বেন বলে তিনি ঘোষণা দেন।
পথসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ড. হামিদুর রহমান আযাদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপিসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ ছাড়া বিভিন্ন সংসদ সদস্য, ডাকসু ও চাকসুর নেতারা বক্তব্য দেন। পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। জনসমাগমে সভাস্থল পূর্ণ হয়ে আশপাশের সড়ক ও ভবনের ছাদেও মানুষের অবস্থান নিতে দেখা যায়।