দিন এনে দিন খাওয়া মানুষের সংসারে যেখানে নিত্যদিনের খরচ মেটানোই কঠিন, সেখানে বিদ্যুতের বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। কুড়িগ্রামের ফুলবাড়ীতে মো. ইউনুস আলীর বাড়িতে তিন মাসের বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এমন অস্বাভাবিক বিল তৈরি হওয়ায় বিপাকে পড়েছে পরিবারটি। সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এত বড় অঙ্কের বিল কেন এসেছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
ইউনুস আলীর বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। তিনি মৃত আফতাব আলীর ছেলে। পেশায় দিনমজুর এই ব্যক্তির সংসারে সদস্য ছয়জন। আড়াই শতক জমির ওপর ছোট্ট বসতভিটায় তাদের বসবাস।
ভুক্তভোগীর দাবি, বাড়িতে বিদ্যুৎ ব্যবহার বলতে একটি বাতি, একটি পাখা এবং ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া। এর বাইরে উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি নেই। অথচ বিদ্যুৎ বিভাগের হিসাবে তার বাড়িতে তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হয়েছে।
বিলের কাগজে দেখা যায়, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের জন্য ধার্য করা হয়েছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে বিল ৯ হাজার ১৬০ টাকা। আর নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের হিসাবে এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। তিন মাসের মোট বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা। গ্রাহক হিসাব নম্বর ১০৫০০৮৫৪৯৪০৮৪।
ইউনুস আলীর ভাষ্য, এত টাকা পরিশোধ করার সামর্থ্য তার নেই। দিনমজুরি করে যা আয় করেন, তা দিয়েই ছয়জনের খাবার ও সংসারের অন্যান্য ব্যয় চালাতে হয়। অস্বাভাবিক বিল হাতে পাওয়ার পর একাধিকবার বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রতিকার চেয়েও কোনো কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ তার। বরং অফিসে গিয়ে অসৌজন্যমূলক আচরণের মুখে পড়েছেন বলেও দাবি করেন তিনি। পরে বাধ্য হয়ে গণমাধ্যমের সহায়তা নেন।
এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, গ্রাহকের মিটারে কোনো সমস্যা থাকলে লিখিত বা সরাসরি অভিযোগের ভিত্তিতে পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, নিয়মিতভাবে অফিস থেকে বিভিন্ন গ্রাহকের মিটার পরীক্ষা করা হয়।
তবে ৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি জানান, বিলের হিসাব সঠিক হলে তা পরিশোধ করতে হবে। আর মিটার কিংবা হিসাবের মধ্যে কোনো ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
একজন স্বল্প আয়ের গ্রাহকের বাড়িতে বিদ্যুতের সীমিত ব্যবহারের দাবি থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ ইউনিট কীভাবে গণনা হলো, তা এখন বড় প্রশ্ন। মিটারের বর্তমান অবস্থা, পূর্ববর্তী রিডিং এবং বিল তৈরির হিসাব সরেজমিনে যাচাই করা জরুরি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত বিদ্যুৎ ব্যবহার নির্ধারণ করে ন্যায্য বিল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।