সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম হালিমা খাতুন। সোমবার (৫ অক্টোবর) উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলিম প্রামাণিক ওই গ্রামের মোখসেদ প্রামাণিকের ছেলে।
শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামী আলিম প্রায়ই তাকে নির্যাতন করতেন। সোমবার সকালে তাকে লাঠি দিয়ে মারধরের সময় মায়ের কোলে থাকা শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আবদুল আলিমকে গ্রেপ্তারে অভিযান চলছে।




