পুলিশকে কোনো রাজনৈতিক পক্ষের প্রতিনিধি নয়, বরং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ সদস্যদের সঙ্গে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে। তাদের রাজনৈতিক ক্যাডার হিসেবে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সতর্ক ও সচেতন। দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অপচেষ্টা থাকলেও পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর কোনো সুযোগ দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়ে তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। মানুষ যেন পুলিশকে ভয় নয়, বরং বিপদে-আপদে নির্ভরতার জায়গা ও প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করে, সেই পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
কোতোয়ালি থানার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মহান মুক্তিযুদ্ধে এ থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে থানা আক্রান্ত ও লুটপাটের ঘটনা ঘটলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে কোতোয়ালি থানার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই তারা এ উদ্যোগ নিয়েছিলেন।
থানার নতুন অবকাঠামো নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ছয়তলা ভিত্তির ওপর চারতলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা। উন্নত কর্মপরিবেশ তৈরি হলে পুলিশ সদস্যরা আরও মানসম্মত সেবা দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্মাণকাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সরকারি স্থাপনা নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা মানের সঙ্গে আপস করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
পুরোনো থানা ভবনের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতির সম্পর্ক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতাযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতি এ প্রাঙ্গণের সঙ্গে জড়িয়ে রয়েছে। নতুন ভবন নির্মাণের পর পুরোনো স্থাপনার ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে পৃথক উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর গণপূর্ত বিভাগের প্রকৌশলী জাহিদুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।