রংপুর বিভাগে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এবার এ রোগে প্রাণ হারিয়েছেন আফজাল হোসেন (৫০) নামে রংপুর মহানগরীর এক বাসিন্দা। একই সময়ে বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় নতুন করে ৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে প্রকাশিত তথ্যে এসব বিষয় জানানো হয়।
নিহত আফজাল হোসেন পীরজাবাদ দরগাপাড়া এলাকার বাসিন্দা। গত ২১ নভেম্বর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্য খাদিজা বেগমের ভাষ্য, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর কয়েক দফা পরীক্ষা করা হলেও ডেঙ্গু শনাক্তের বিষয়টি নিশ্চিত করা যায়নি। পরে শনিবার রাত ৮টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণে এমন পরিণতি হয়েছে। তাদের দাবি, গত এক থেকে দুই মাসের মধ্যে পরিবারের কেউ ঢাকায় যাননি কিংবা বাইরে থেকে কোনো আত্মীয়ও তাঁদের বাড়িতে আসেননি। ফলে স্থানীয়ভাবে ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন স্বজনরা।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন শনাক্ত ৬৪ জনের মধ্যে রংপুরে ৩০, লালমনিরহাটে ১২, দিনাজপুরে ১০ এবং পঞ্চগড়ে ১২ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে। তাদের মধ্যে ৫ হাজার ৮৮১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮৪ জন। এ সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে সিটি করপোরেশন, পৌরসভা ও ব্যক্তিপর্যায়ে নিয়মিত অভিযান চালাতে হবে। জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
চিকিৎসাসেবায় অবহেলার কোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।



