চট্টগ্রামের চন্দনাইশে সোমবার (৫ অক্টোবর) ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো উপজেলা। সকাল ৭টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিলেও প্রকৃতিতে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার দোহাজারী, জোয়ারা, কাঞ্চনাবাদ, বরমা, বরকল, বৈলতলী, সাতবাড়িয়া, হাশিমপুর, ধোপাছড়ি ও পৌরসভা এলাকার সড়ক, ফসলের মাঠ ও বাড়ির আঙিনা ঘন কুয়াশায় ঢাকা পড়ে। ঘাসের ডগায় জমে ছিল শিশির।
ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে। ভোরে কাজে বের হওয়া রিকশাচালক, দিনমজুর, কৃষক ও শিক্ষার্থীদের কুয়াশার মধ্যেই চলাচল করতে দেখা যায়।
স্থানীয় কৃষক বাচা মিয়া বলেন, গত কয়েকদিন ধরে ভোরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। সোমবার কুয়াশার পরিমাণ ছিল বেশি। এতে আমন ধানের উপকার হবে বলে তিনি মনে করেন।
স্থানীয় শিক্ষার্থী আনোয়ার বলেন, সকালে কোচিংয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে সামনে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তবে কুয়াশাচ্ছন্ন সকালের পরিবেশ বেশ উপভোগ্য ছিল। এদিকে কুয়াশাচ্ছন্ন সকালের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয় তরুণরা।