ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে কী ধরনের এবং কী পরিমাণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিরূপণে তদন্ত চলছে।
থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে সেরেস্তা কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সদস্যদের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কক্ষে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
ঘটনার পর রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুরে সেখানে যান স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত কক্ষ ও পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা পর্যবেক্ষণ করেন।
হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান খন্দকার জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদ হাসান বলেন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে শর্টসার্কিটের বিষয়টি সামনে এসেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল আলামত সংগ্রহ ও অধিকতর তদন্ত করছে।
ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর প্রকৃতি ও পরিমাণ নির্ধারণের পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।