সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় চাঞ্চল্যকর কলেজছাত্র জাকারিয়া খান (১৯) হত্যা মামলার প্রধান আসামি নাহিদ ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যজন হলেন একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে অমিত হাসান শিপন (৩০)। নাহিদ হাসান (২৬) সাতক্ষীরা শহরের ইটাগাছা মানিকতলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের পশু হাসপাতালের সামনে কলেজছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় নাহিদ ইসলামকে প্রধান আসামি করা হয়।
মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর হয়ে ওঠেন। একপর্যায়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে যৌথ অভিযানে নাহিদ ও শিপনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।